
কক্সবাজারের টেকনাফে ১ লাখ ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে ৬৪ বিজিবি। শনিবার রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সীমান্ত পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, রাত ৯টা ১০ মিনিটের দিকে ঝিমংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তের জিয়া খাল এলাকায় দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে দুটি পিটলা নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। পরে তাদের তল্লাশি চালিয়ে ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা হলেন—হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. সোহেল রানা (২১) এবং মো. আব্দু রহিমের ছেলে মো. মামুন (২১)।
৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।